ইউল্যাব বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের কুমিল্লায় ক্ষেত্র ভাষাতত্ত্ব (Field Linguistic) কার্যক্রম: স্থানীয় ভাষার ধ্বনি থেকে গবেষণার গল্প
ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ‘প্রায়োগিক ভাষাতত্ত্ব’ (BLL 3202) কোর্সের শিক্ষার্থীরা সম্প্রতি কুমিল্লা জেলার লালমাই সংলগ্ন চেঙ্গাহাটা ও বাঁশপুর গ্রাম এবং গোমতী নদীর তীরবর্তী টেক্কারচর গ্রামে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র ভাষাতত্ত্ব গবেষণা সফলভাবে সম্পন্ন করেছে। ৮ ও ৯ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই কার্যক্রমটি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক সাদিয়া আফরিনের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং তা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ ও শিক্ষামূলক হয়ে ওঠে।
এই ক্ষেত্র ভাষাতত্ত্ব (Field Linguistic) গবেষণার মূল উদ্দেশ্য ছিল কুমিল্লার আঞ্চলিক উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করা এবং তা প্রমিত বাংলার সঙ্গে তুলনা করে ভাষাগত পার্থক্য নিরূপণ করা। গবেষণায় কুমিল্লার এক উপজেলার উপভাষা ও অন্য উপজেলার উপভাষার মধ্যে ধ্বনিগত পার্থক্যও চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, সমাজভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে স্থানীয় সমাজে ভাষার রূপ পরিবর্তনের কারণ ও প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়েছে।
ক্ষেত্র ভাষাতত্ত্ব (Field Linguistic) কার্যক্রম চলাকালীন শিক্ষার্থীরা সরাসরি স্থানীয় মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তথ্য সংগ্রহ করেছেন। অডিও ও ভিডিও রেকর্ডিং, স্থিরচিত্র এবং সাক্ষাৎকারের মাধ্যমে সংগৃহীত এই তথ্য গবেষণাকে আরও সমৃদ্ধ করেছে। হাতে-কলমে এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের বাস্তব ভাষাতাত্ত্বিক গবেষণার পদ্ধতি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কৌশল আয়ত্তে সহায়তা করেছে।
এই মূল্যবান গবেষণা অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভাষাগত বৈচিত্র্য বোঝার পাশাপাশি আঞ্চলিক ভাষার সংরক্ষণ ও প্রামাণ্য দলিল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধুমাত্র একাডেমিক গবেষণার ক্ষেত্রেই নয়, বরং বাংলাদেশের ভাষাগত ঐতিহ্য রক্ষার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এই ধরনের প্রায়োগিক গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনে উৎসাহিত করতে এবং দেশের ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণে তাদের ভূমিকা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। কুমিল্লায় এই সফল ক্ষেত্র গবেষণা ভবিষ্যতে আরও বিস্তৃত ভাষাতাত্ত্বিক অনুসন্ধানের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে, যা বিভাগের একাডেমিক উৎকর্ষে সহায়ক হবে।
এই ক্ষেত্র ভাষাত্তত্ত্ব গবেষণার কিছু স্মরণীয় মুহূর্ত নিচে ছবিতে তুলে ধরা হলো।